ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম হঠাৎ করেই সম্পত্তি বিক্রি করছেন। এরই মধ্যে বেশ কিছু সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। মুম্বাইয়ের আশপাশের এলাকা প্রতিনিয়ত হুহু করে বাড়ছে জমির দাম। এমন প্রেক্ষাপটে সোনু নিগমের কম দামে সম্পত্তি করাকে অনেকেই রহস্যময় কোনো পদক্ষেপ হিসেবেই দেখছেন।
রোমান্টিক মেলোডি কিংবা ধামাকা পপ—কণ্ঠ দিয়েই কোটি কোটি মানুষকে বিনোদিত করে চলেছেন। বলিউড ভুবনে সোনু নিগম মানেই এক অনন্য আবেগ। তবে এবার তিনি খবরের শিরোনামে একদম অন্য কারণে। মুম্বাইয়ের অদূরে নিজের বিঘার পর বিঘা জমি চুপিচুপি বিক্রি করে দিলেন এই জনপ্রিয় গায়ক। চারটি আলাদা চুক্তিতে এসব সম্পত্তি তিনি হাতবদল করলেন। এ নিয়ে কৌতূহল জেগেছে বিনোদন অঙ্গনে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই শহরে একটি শান্ত এলাকায় ২৫ কোটি টাকার বাংলোয় থাকেন সোনু নিগম। সেখানকার আশপাশে বেশ কিছু সম্পত্তি তিনি গোপনে বিক্রি করে দেন; যদিও দিন দিন সেই এলাকার জমির দাম বাড়ছে। সিআরই ম্যাট্রিক্সের হাতে আসা নথিতে দেখা যায়, সোনু কারজা এলাকায় মোট ১.৯ হেক্টরের বেশি বেশ কয়েকটি জমি বিক্রি করেছেন৷ যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন সোনু নিগম।
মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত কারজাতের উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মনোরম পরিবেশের কারণে আবাসন ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয়। এলাকাটি নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নগর সম্প্রসারণ প্রকল্পের অংশ৷ সে এলাকাতেই সোনু নিগম বিশাল চারটি জমি মাত্র দুই কোটি রুপিতে বিক্রি করলেন।
ভূমি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে সোনুর সম্পদের পরিমাণ ৩৫০ থেকে ৪০০ কোটি রুপি। এসবের বেশিরভাগই প্লেব্যাক গান, কনসার্ট, বিজ্ঞাপন এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়।



