
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত।
রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (৭ মে) এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক মিলন বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি। দক্ষ মানবপুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গে দক্ষতাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল ক্লাসরুমের বিষয়ে বিগত সরকার ব্যর্থ ছিল। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ সরকার ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মাহদী আমিন।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।




