
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (২৫ বৈশাখ) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব। ছড়াচ্ছে উৎসবের আমেজ। ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্বকবির স্মৃতিবিজরিত কাছারি বাড়ি ও অডিটোরিয়াম সংস্কার ইতোমধ্যেই শেষ করে আনা হয়েছে। করা হচ্ছে আলোক-সাজসজ্জা, চলছে নজড়কাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া।
আগামীকাল শুক্রবার (৮ মে) বাংলা ২৫ বৈশাখ শাহজাদপুর কাছারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
এবার ভিন্ন আবহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাছারি বাড়িতে তার ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা। রবীন্দ্র কাছারি বাড়ি অঙ্গনেই নিয়মিত চলছে গান, নৃত্য, গীতিনাট্যের মহড়া। ভিড় করছেন দর্শনার্থীরাও, যেটি ঢলে পরিণত হবে উৎসবের দিনগুলোতে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে তিন দিনের আনুষ্ঠানিকতা, আয়োজন করা হচ্ছে রবীন্দ্র মেলাও। উৎসবের এই সময়গুলোতে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগিদের ঢল নামবে কাছারি বাড়িতে। সেটি বিবেচনায় রেখেই নেয়া হচ্ছে সব প্রস্তুতি।




