
নেত্রকোনা জেলায় ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে মানববন্ধন শেষে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং সংগঠনের কর্মী সাব্বির।
পুলিশ ও ভিডিও সূত্রে জানা যায়, ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, বিএনপি-জামায়াতের দুঃশাসনের প্রতিবাদ, জ্বালানি সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ, লুটপাট ও গণতন্ত্রহীনতার কথা। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়। কর্মসূচি শেষে তারা বকুলতলা এলাকায় একত্রিত হলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার গণমাধ্যমকে জানান, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।




