
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল-সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। পরে অভিযান চালিয়ে রাজন সরদার ও রতন সরদার নামে দুজনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল-সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এ সময় তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
কোস্টগার্ড জানায়, রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি কোস্টগার্ডকে জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একই দিন বিকেল ৫টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ঢাংমারী খাল-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার ও রতন সরদারকে আটক করা হয়। তারা খুলনার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




