
সিলেট সফরে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সার্কিট হাউসে তার মধ্যাহ্নভোজে ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে রান্না করা গরুর গোশত।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাবারে একইসঙ্গে স্থানীয় হাওরের শিং মাছ, টেংরা মাছ ও বাইম মাছসহ বিভিন্ন দেশীয় পদ পরিবেশন করা হয়। সফরসঙ্গীদের নিয়ে আয়োজিত এই ভোজকে কেন্দ্র করে স্থানীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টায় বিমানযোগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সিলেটের সুরমা নদীর তীরে চাঁদনিঘাট-সংলগ্ন আলী আমজদ ঘরিঘরের সামনে সিটি করপোরেশন গৃহিত বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসনসহ সুরমা নদীর তীর সংরক্ষণ ও ওয়াকওয়ে নির্মাণে সাড়ে সাত হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করেন। এরপর নগর ভবন প্রাঙ্গনে সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য দেন করেন।
পরে বেলা ১টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের জন্য আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যও দেন।
এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।




