বাংলা নববর্ষকে বরণ করতে নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারও ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিতে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে এ শোভাযাত্রা গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুয়াখোলা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রঙিন পোশাক, বৈশাখী সাজ এবং নানা প্ল্যাকার্ডে সজ্জিত হয়ে ছাত্রীদের এ ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কাড়ে। তারা সাইকেল চালিয়ে গ্রামবাসীদের জন্য নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দেয়।

এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে গ্রামবাসী হাত নেড়ে ও হাসিমুখে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক।
তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা এবং বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এ ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
নববর্ষে এমন ভিন্নধর্মী উদ্যোগে আনন্দিত ও মুগ্ধ হয়েছে পুরো গ্রামের মানুষ। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও প্রতি বছরের ন্যায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।




