বাঙালির চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজে ফেনী জেলা কারাগার-১ এ উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এ সময় কারাবন্দিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে দিনভর বর্ণাঢ্য আয়োজন ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
কারাগার সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ফেনী জেলা কারাগারে সকালে বন্দিদের জন্য ছিল বাঙালিয়ানার অবিচ্ছেদ্য অংশ পান্তা-ইলিশ। এর সঙ্গে পরিবেশন করা হয় আলু ভর্তা, শুকনা মরিচ ভাজি ও কাঁচা পেঁয়াজ। দুপুরে পরিবেশন করা হয় রাজকীয় ভোজ; যার মেনুতে ছিল পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাত এবং সবশেষে পান-সুপারি। রাতের খাবারে ছিল সাদা ভাত, রুই মাছ এবং আলুর দম।
খাবারের পাশাপাশি বন্দিদের মানসিক প্রশান্তির জন্য বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বন্দি এবং আমন্ত্রিত অতিথি শিল্পীদের সম্মিলিত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এ ছাড়া বৈশাখী মেলার আমেজ দিতে বন্দির ঐতিহ্যবাহী হাওয়াই মিঠাই বিতরণ করা হয়।
বন্দিদের পাশাপাশি কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। সকালে তাদের জন্য হরেক পদের ভর্তা (আলু, ডাল, শুটকি ও বেগুন) ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এ ছাড়া সন্ধ্যায় তাদের সৌজন্যে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী জেলা কারাগার-১ এর জেলার আলী আফজাল এশিয়া পোস্টকে জানান, সরকারের নির্দেশনা মোতাবেক নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে কারাগারে বিপুল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। ৪৫১ জন বন্দি আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করেছেন।




