কক্সবাজার সদর উপজেলায় শরীর থেকে মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরের কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (১২ এপ্রিল) সকালে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে এলাকায় ছড়িয়ে পড়া দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পরিত্যক্ত পুকুরের কিনারায় কম্বল মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অন্তত ৪/৫ দিন আগে অজ্ঞাত নারীর শরীর থেকে মাথা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী ঘটনাস্থলের আশপাশ মরদেহের মাথা ও হাতের কবজির সন্ধান করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার খোকন কান্তি বিশ্বাস জানান, ঘটনাস্থলের আশপাশে কয়েকটি ডোবা, ময়লার স্তুপ ও জঙ্গলপূর্ণ স্থানে প্রায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালানো হয়। মাথা ও হাতের কবজির খোঁজ মেলেনি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাদিয়া আক্তার মুন্নি নামে ওই নারী মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার সাইফুর রহমানের স্ত্রী। এক-দেড় মাস আগে তারা দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামে একজনের বাড়িতে বাসা ভাড়া নেন। গত এক সপ্তাহ ধরে তাদেরকে এলাকায় দেখা যাচ্ছিল না।
কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, স্থানীয়ভাবে নানা তথ্য পাওয়া গেলেও তদন্ত ছাড়া মন্তব্য করা সঠিক হবে না। খুনের রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




