কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের শূন্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটনা ঘটে।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় নাফ নদীর মিয়ানমার অভ্যন্তরে মো. সাদেকসহ আরও কয়েকজন মাছ ধরছিল। এক পর্যায়ে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে সাদেক নদীর কিনারায় কাদামাটিতে লুটিয়ে পড়ে। এতে তার বাম পায়ের গোড়ালি ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত মো. সাদেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




