বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের প্রেক্ষাপটে মজুতদারি রোধে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন দোকান ও ডিলার পয়েন্টে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও র্যাব। তবে অভিযান শুরুর কিছুক্ষণ পরেই ঘটে ভিন্ন চিত্র। ম্যাজিস্ট্রেট ও র্যাবের উপস্থিতি টের পেয়ে বাজারের অধিকাংশ ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে সটকে পড়েন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দুধবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তেল মজুতের অভিযোগে তদারকি চালানো হলেও কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে সরাসরি মজুতের প্রমাণ পাওয়া যায়নি।
তবে অভিযানের সময় অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ধরা পড়ে একটি প্রতিষ্ঠান। মেসার্স আল-মাসুদ জেনারেল স্টোরের মালিক মো. মাসুদ খানকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এ দণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন বলেন, কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করছি। আমরা কয়েকজন ডিলার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ধরনের কোনো অপরাধ পাইনি। তবে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এ সময় বাজারের আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সহযোগিতা করে।




