পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ সদস্যর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়েছেন এক আসামি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটেছে।
পলাতক আসামি রাসেল ইসলাম পুলিশের তালিকাভুক্ত গরু চোর চক্রের সদস্য বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের জন্য বাড়ি ঘেরাও করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ সদস্য বনমালি রায়ের মাথায় আঘাত করে পালিয়ে যান রাসেল ইসলাম। পরে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। পরে গরুর মালিক রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন। পরে উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেলকে গ্রেপ্তারের জন্য বাড়ি ঘেরাও করে। আসামি ঘরের দরজা লাগিয়ে অবস্থান করছেন— এমন তথ্য পেয়ে ঘরের দরজার সামনে যান পুলিশ সদস্য বনমালী। এ সময় আসামি রাসেল দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেল কুখ্যাত চোর। তার বিরুদ্ধে তিনটি ভ্যানচুরিসহ একটি গরু চুরির মামলা আছে। বৃহস্পতিবার সকালে তার নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। পুলিশ রাসেলকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান রাসেল। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।




