ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে ডিবি পরিচয় দিয়ে পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় যায়। তারা কৌশলে ওই তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করে এবং তার বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখায়। তাদের চলাফেরা ও আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় বিট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) ও আব্দুল আহাদ মেজবাহ (১৯)
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ফেনী সদর এলাকার এবং বাকি পাঁচজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনুপ কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, মূলত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল।
পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) সাজেদ কামাল এশিয়া পোস্টকে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




