‘স্কুলের মিড ডে মিলে ছত্রাক ধরা রুটি’ শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর ফেনীর সোনাগাজীতে প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে বনরুটি সরবরাহ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জবাব চেয়ে নোটিশ দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. তাহেরুল ইসলাম এই নোটিশ পাঠান। বুধবার (৮ এপ্রিল) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ মার্চ থেকে ফেনীর সোনাগাজীতে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। সোমবার (৬ এপ্রিল) কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’।
বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিতরণ শেষে দেখা যায়, অন্তত ১৭টি রুটিতে স্পষ্ট ছত্রাক ধরা। অনেক রুটির ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। বিষয়টি নজরে আসার পর তড়িঘড়ি করে খাবার বিতরণ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন শিক্ষকরা।
তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ঘটনার বলেছিলেন, শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে বিষয়টি উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে।
ঘটনার দিন এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। একদিন পর ঠিকাদারি প্রতিষ্ঠানের উপজেলা কো-অর্ডিনেটর শাহ নেওয়াজকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, কার্যাদেশের নির্দেশনা অনুযায়ী ত্রুটিপূর্ণ খাবার তাৎক্ষণিক পরিবর্তনের নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি। এতে কোমলমতি শিক্ষার্থীদের জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে এবং সরকারের স্কুল ফিডিং কর্মসূচির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।




