ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচিতে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৬ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীদের মধ্যে ছত্রাকযুক্ত বনরুটি সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিতরণ শেষে দেখা যায়, অন্তত ১৭টি রুটিতে স্পষ্ট ছত্রাক ধরা। অনেক রুটির ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। বিষয়টি নজরে আসার পর তড়িঘড়ি করে খাবার বিতরণ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন শিক্ষকরা।
স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী তাজরিন সুলতানার মা নাছিমা আক্তার বলেন, সরকারি প্রকল্পের খাবারে এমন ছত্রাক ধরা রুটি সরবরাহ করা অপরাধ। সামান্য অসাবধানতায় বড় ধরনের ফুড পয়জনিং বা স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারত। এই ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের স্কুলের ১৫০ জন শিক্ষার্থীর জন্য সোমবার বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী। পরে দেখা যায়, ১৭টি রুটি ছত্রাকযুক্ত এবং মানহীন। কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আমরা দ্রুত বিষয়টি উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি শিক্ষা অফিসের সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।




