
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে টিসিবির বিশেষ ট্রাকসেল কার্যক্রম, যা চলবে টানা ১০ দিন।
রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির এই কর্মসূচি আগামী ২১ মে পর্যন্ত চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে এসব পণ্য বিক্রি করা হবে।
সংস্থাটি জানিয়েছে, চলমান কার্ডভিত্তিক ভর্তুকি কার্যক্রমের পাশাপাশি এবার অতিরিক্তভাবে ৭২০টি ট্রাক মাঠে নামানো হচ্ছে। এরমধ্যে ঢাকা মহানগরী ও জেলা এলাকায় থাকবে ৫০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি। এ ছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক পরিচালিত হবে।
প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ ক্রেতা পণ্য কিনতে পারবেন। সেই হিসাবে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ এই কর্মসূচির আওতায় সুবিধা পাবেন বলে জানিয়েছে টিসিবি।
ট্রাকসেলে একজন ক্রেতা কিনতে পারবেন—প্রতি লিটার ১৩০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকায় এক কেজি চিনি ও ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল।
টিসিবি আরও জানিয়েছে, মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে। এ জন্য প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য সরবরাহ করা হবে। তবে কার্ডধারীদের জন্য নির্ধারিত পণ্যের পরিমাণ ও দাম আগের মতোই অপরিবর্তিত থাকবে।




