
বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পদে কর্মরত সদস্যদের দীর্ঘদিনের পেশাগত বৈষম্য দূরীকরণ, পদোন্নতি জটিলতা নিরসন, কোটা পদ্ধতির কারণে সৃষ্ট অসন্তোষ এবং বেতন গ্রেড উন্নীতকরণসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব উত্থাপিত হয়।
সভায় জানানো হয়, সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সরাসরি নিয়োগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতির সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। অনেক পরিদর্শক ১০ থেকে ১৭ বছর একই পদে কর্মরত থেকেও পদোন্নতি পাচ্ছেন না। এই সংকট নিরসনে এএসপি পদে সরাসরি নিয়োগ ও পদোন্নতির অনুপাত ৫০ শতাংশ থেকে ৫০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।
পাশাপাশি, বর্তমান কোটা পদ্ধতি বাতিল করে পুলিশ পরিদর্শকদের পিএল (PL) এর ভিত্তিতে অর্জিত জ্যেষ্ঠতা বা সিনিয়রিটির মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সভায় পুলিশ পরিদর্শকদের জন্য একটি পদোন্নতি কাঠামো প্রস্তাব করা হয়েছে, সেগুলো হলো—
১. বর্তমানে বিদ্যমান অ্যাডিশনাল এসপি পদের সমসংখ্যক ডিএসপি পদ সৃষ্টি করে পরিদর্শকদের সরাসরি ডিএসপি (নন-ক্যাডার, গ্রেড-৬) পদে পদোন্নতি দিতে হবে।
২. পরবর্তী ধাপে এসপি (৪০ শতাংশ কোটা), অ্যাডিশনাল ডিআইজি (৩০ শতাংশ কোটা), ডিআইজি (২০ শতাংশ কোটা) এবং অতিরিক্ত আইজিপি পদে ০২টি পদ নন-ক্যাডারদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব করা হয়েছে।
৩. একই পদে (পুলিশ পরিদর্শক) ১০ বছর পূর্ণ হলে টাইম স্কেল প্রদানসহ ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়েছে।
সভায় বিভিন্ন পদের সদস্যদের মর্যাদা ও বেতন বৈষম্য দূর করতে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপিত হয়—
পরিদর্শক: ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১টি পিপসের পরিবর্তে ২টি পিপস প্রদান।
এসআই/সার্জেন্ট: ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে বর্তমান ২-ফুলের পরিবর্তে ১টি পিপস প্রদান এবং সার্জেন্টদের মামলার তদন্ত ক্ষমতা প্রদান।
এএসআই/এটিএসআই: এটিএসআই পদ রহিত করে এএসআই পদে মার্জ করা এবং বেতন ১২তম গ্রেডে উন্নীত করা।
নায়েক: নায়েক পদে কর্মরত সদস্যদের বেতন ১৬তম গ্রেড থেকে উন্নীত করে ১৩তম গ্রেডে উন্নীত করা।
কনস্টেবল: কনস্টেবল পদে কর্মরত সদস্যদের বেতন বর্তমান ১৭তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করা।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের জন্য পৃথক রেজিস্ট্রেশন ডেস্ক, আলাদা চিকিৎসা ইউনিট, ডায়াগনস্টিক সেবায় অগ্রাধিকার এবং নির্দিষ্ট কেবিন বরাদ্দের দাবি জানানো হয়েছে। এ ছাড়া পরিদর্শক পদে পদোন্নতির এক বছরের মধ্যে স্থায়ীকরণের দাবিও তোলা হয়।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি আশা প্রকাশ করেছে যে, সাধারণ পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখতে এবং পুলিশের কর্মপরিবেশ আধুনিকায়ন করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।




