
পুলিশের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ) ঘোষণা করা হয়েছে। এবার মোট ৩৪১ পুলিশ সদস্য এই মর্যাদাপূর্ণ ব্যাজে ভূষিত হচ্ছেন।
বৃহস্পতিবার (৭ মে) ডিআইজি কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে দায়িত্ব পালনকালে অসাধারণ পেশাগত দক্ষতা, সেবা ও অবদানের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রস্তাবনা যাচাই-বাছাই শেষে নির্বাচিত পুলিশ সদস্যদের নামের পাশে নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী ‘আইজিপি ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়েছে। এটি জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বরং কর্মদক্ষতা ও সেবার মানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক তালিকায় বিভিন্ন ইউনিট ও পদবির কর্মকর্তারা স্থান পেয়েছেন, যার মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। উদাহরণ হিসেবে তালিকায় রয়েছেন— পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সিআইডি, বরিশাল, রংপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার কর্মকর্তারা।
উল্লেখিত তালিকায় ক্যাটাগরি ‘এ’ প্রাপ্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন, নাসরিন জাহান, ফৌজিয়া হাবিব খান, মো. মাশকুর রহমান, আল আমিন হোসেন, মো. জাহিদ আহসান, মো. বকুল হোসেন, মো. মাসুম বিল্লাহ, মুশফিক খানসহ আরও অনেকে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ব্যাজ প্রদান পুলিশের মধ্যে পেশাগত উৎকর্ষতা, দায়িত্বশীলতা এবং জনসেবার মান আরও বাড়াতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মোট ৩৪১ জন সদস্যকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।




