বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে তার সিটি স্ক্যান করা হলে রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে এবং ফলাফল ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুই ধাপে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে দেশে থেকেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়।
এরপর শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে প্রথম ধাপের অস্ত্রোপচার সম্পন্ন হয়। একইদিন সন্ধ্যায় দ্বিতীয় ধাপের অপারেশন শেষ হলে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দারের নেতৃত্বে অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।




