জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ অনেকেই এনসিপিতে যোগ দেবেন।
বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।
ইসহাক সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এ অবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একই সঙ্গে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহসম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে ইসহাক সরকার বলেন, বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ আমাকে দেওয়া হয়নি। উল্টো নানাভাবে হয়রানি করা হয়েছে। তারপরও কারও প্রতি বিদ্বেষ না রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। এ জন্য আমি সবার দোয়াপ্রার্থী।




