কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে রাস্তাটি প্রশস্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জাতীয় সংসদ অধিবেশনে এই দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে।’
তিনি যখন বক্তব্য দিচ্ছেন, তার একটু আগে ওই সড়কে তিনজন মৃত্যুবরণ করেছেন জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।’
কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুইটা বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফুট। চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত।’
রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না উল্লেখ করে সংসদ সদস্য হাসনাত বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে রাস্তার বিষয়ে কথা বললে জানা যায়, এখানে একধরনের প্রশাসনিক জটিলতা আছে।’
দীর্ঘ ১২ বছর ধরে এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না জানিয়ে বিষয়টি সড়ক পরিবহনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত।
পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে পরামর্শ দিয়ে বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’




