বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না, বরং দুর্বল করে ফেলা হয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে জানিয়ে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘তাদের শোকজ করা হয়েছে, কারণ তারা নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে কিছু মতামত লিখেছিলেন। এই জায়গাটাই সবচেয়ে চিন্তার। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে?’
স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া স্পষ্টভাবে ভয় দেখানোর চেষ্টা, বলছেন হাসনাত। তিনি বলেন, ‘বার্তাটা খুব পরিষ্কার—‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন।’
বিচার বিভাগে চাপ থাকলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার জায়গাটাও দুর্বল হয়ে যায় জানান এ সংসদ সদস্য।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর একটা সময় মনে হয়েছিল, বিচারকরা অন্তত কিছুটা সাহস নিয়ে ভাবতে, লিখতে পারছেন এবং ভবিষ্যতেও লিখবেন। এখন যা হচ্ছে, তাতে সেই পরিবেশটা আবার ধীরে ধীরে ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এটা কোনো ব্যক্তির বিষয় নয়, এটা একটা সিস্টেমের বিষয়। বিচারকদের কণ্ঠ যদি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে শেষ পর্যন্ত এর ক্ষতিপূরণ পুরো দেশকেই দিতে হবে।’
সিদ্ধান্তটা অন্তত পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন হাসনাত।
তিনি বলেন, ‘বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না, বরং দুর্বল করে ফেলা হয়।’




