যত দ্রুত সম্ভব বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থায়ী কমিটির বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।




