
সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। মৃত্যুর হারও বাড়ছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু প্রাণ হারিয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ শিশু।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬।
অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ জনের।
হামের প্রাদুর্ভাব বাড়ায় গত ৫ এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান। এরপর ১২ এপ্রিল থেকে দেওয়া হয় ঢাকার দুই সিটি, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায়। পরে ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।




