আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্র গ্রহণ প্রসঙ্গে জরুরি নির্দেশনা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে যেসব শিক্ষক, কর্মচারী, ট্যাগ অফিসার প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আজ (রোববার) অফিস সময়ের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে হবে।
এদিকে, এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের কিছু বিশেষ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো যাচ্ছে।
ডিএমপির নির্দেশনাগুলো হলো
১. পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওয়ানা হতে হবে।
২. ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের একেবারে সামনে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে হবে। একইভাবে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী স্থানে গিয়ে যানবাহনে উঠতে হবে।
৩. কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে পার্কিং করে রাখা যাবে না, করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪. অভিভাবকদের কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো যাচ্ছে, কারণ এতে যান চলাচলে বিঘ্ন ঘটে, যা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
৫. পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের কেন্দ্র সংলগ্ন সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
৬. কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে, তাই কেন্দ্রের আশপাশে অবস্থান করবেন না।




