চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে। এর পরীক্ষা উপলক্ষে ঢাকার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ছাড়া ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া পরীক্ষার সময় রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই কেন্দ্রের আশপাশে অবস্থান করতে পারবেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন প্রতিদিনই তা বলবৎ থাকবে।
এ বছর ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ডিএমপি একাধিক ট্রাফিক নির্দেশনাও দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। ব্যক্তিগত যানবাহনে আগত পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে কাছাকাছি স্থান থেকে যানবাহনে উঠতে হবে।
এ ছাড়া কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্র-সংলগ্ন সড়কে পার্কিং করা যাবে না। এ নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে থেকে কেন্দ্র-সংলগ্ন সড়কগুলো সাধারণ যাত্রীদের জন্য যথাসম্ভব পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে পরীক্ষা চলাকালীন নগরীর যান চলাচল স্বাভাবিক থাকবে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত করতে পারবে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপ নকলসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রতিরোধেও সহায়ক হবে।




