চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা, ৪টি ডিজেল ইঞ্জিনসহ একটি নৌযান জব্দ করার তথ্য জানিয়েছে কোস্টগার্ড। এ সময় ৭ জনকে আটক করা হয়।
রোববার (২৯ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত ৩টার দিকে এসব মালামাল জব্দ ও আটকের ঘটনা ঘটে।
আটকরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. রাসেল, মো. জহির এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার দেলোয়ার হোসেন, ফটিকছড়ি এলাকার মো. আক্কাস, কর্ণফুলী উপজেলার মো. জাবের, ভোলার মো. জসিম ও চকরিয়া উপজেলার মো. জাকির হোসেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম জানান, কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে নৌযানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ডিজেল, আলকাতরা ও ইঞ্জিন জব্দ করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিরা স্বীকার করেন তারা এসব জ্বালানি তেল ও সরঞ্জাম অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানামারে নিয়ে যাচ্ছিলেন। জব্দ হওয়া মালামাল, নৌযান ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।




