জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা সেটা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা দেশের স্বার্থে নির্বাচনি ফলাফল মেনে নিয়েছি।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায় এসে গ্রামবাসী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা। এ মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।
তিনি আরও বলেন, এখন তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ ফিরে এসেছে; এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। এখন নির্বাচন দেওয়া উচিত। নিয়োগকৃত প্রশাসকদের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা একটা দলের কাছে থাকতে পারে, আমরা একটা দলের কাছে দায়বদ্ধতা দেখতে চাই না। আমরা দেখতে চাই তাদের জনগণের কাছে দায়বদ্ধতা। এর জন্য আমাদের দাবি, অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক।
নির্বাচনের পর ঈদে শফিকুর রহমানের সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তাকে বরণ করতে শত শত নেতাকর্মী জড়ো হন। সেখান থেকে মিছিলসহকারে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।




