
বাগেরহাটের শরণখোলায় একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতির অজগর সাপ। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বরের ধানক্ষেতে প্রায় ১৩ ফুট লম্বা ও আনুমানিক ২৫ কেজি ওজনের অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি বন বিভাগকে জানান।
খবর পেয়ে বন বিভাগের সদস্য ও ওয়াইল্ড লাইফ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা অজগরটি উদ্ধার করি। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন-সংলগ্ন এলাকার মানুষ এখন অনেক সচেতন। স্থানীয়দের সহযোগিতায় লোকালয়ে চলে আসা সাপটি নিরাপদে উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা সম্ভব হয়েছে। এর আগেও স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকটি অজগর ও হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।




