
মাদারীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (১০ মে) সকালে পৌর শহরের শান্তিনগর এলাকায় ঘটে।
আটক খোকন মিয়া মালেক মিয়ার ছেলে। সে পৌর শহরের শান্তিনগর (রেন্ডিতলা) এলাকার আশরাফের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গৃহশিক্ষক খোকন প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে ৫ বছরের শিশুকে প্রাইভেট পড়ানোর কথা বলে তার নিজ বাসায় ডেকে নিয়ে যায়। কৌশলে শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে খোকন দরজা বন্ধ করে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে ধর্ষক খোকন তাকে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি বাসায় আসলে তার আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনাটি তার পরিবারের সদস্যদের খুলে বলে।
এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শিশুটির অবস্থা অবনতি হওয়ায় আগেই চিকিৎসার জন্য মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, একজন শিক্ষকের কাছে যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় যাব? এদের কাছে কিশোরীরা নিরাপদ না। আমার ছোট্ট শিশুর সঙ্গে খোকন যা করেছে আমি ওর ফাঁসি চাই। আমি আর কিছু চাই না। শুধু ওর ফাঁসি চাই।
শিশুটির মা বলেন, ওই মোর মাইয়ারে ক্ষতি করেছে, জীবন নষ্ট করেছে। ওই ঘাতক পশুর চেয়ে খারাপ কাজ করেছে, আমি ওর ফাঁসি চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের অভিযোগে খোকন নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




