
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছে।
রোববার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামে বারু মিয়ার মেয়ে। আহতরা হলেন সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শীউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন একজন মারা যায়।
এ বিষয়ে সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। চারজন চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




