
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক পার্কের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (৮ মে) রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকার দুর্গা বাগান বাড়ি পার্ক এলাকা থেকে তাকে আটক করে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক (৪৫) চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দুর্গা বাগান বাড়ি পার্কে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের দুর্গা বাগানবাড়ি পার্কে খেলাধুলা করতে যায় শিশুটি। অভিযোগ উঠেছে, একা পেয়ে নৈশপ্রহরী খালেক শিশুটিকে ফুসলিয়ে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পায়। সেদিন রাতে শিশুটির মা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, ওই পার্কের সামনে আমার বাড়ি। আমার মেয়ে দূর্গা বাগানবাড়ি নামের ওই পার্কে খেলতে যায়। পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায় পার্কের নৈশপ্রহরী খালেক পার্কের রান্নাঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিন বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।




