
সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা।
বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মারা যাওয়া আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত মাসের বেশি সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। এর আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না বলে পরিবারের দাবি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত একটি ছাত্র হত্যা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
এদিকে, বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। মৃত্যু সনদ হাতে পেলে সেটি আমরা আদালতে উপস্থাপন করা হবে। আইনি প্রক্রিয়া অনুসারে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ায় চার্জশিট থেকে মৃত ব্যক্তির নাম বাদ যাবে।




