
চোখ বেঁধে মাত্র ১০ দশমিক ৩২ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে বিশ্বরেকর্ড গড়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার তরুণ সিফাত আকন। এই কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে সিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২৮ এপ্রিল ই-মেইলের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি জানানো হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এই রেকর্ডের জন্য আবেদন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন সিফাত। প্রায় চার বছর আগে পত্রিকায় বিশ্বরেকর্ড-সংক্রান্ত প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হন তিনি। কৌতূহল থেকে খোঁজখবর নিতে শুরু করেন সিফাত। জানতে পারেন, বাংলাদেশেও কারও কারও এ রকম রেকর্ড আছে। সিফাতও তাই পরিকল্পনা শুরু করেন।
তখন করোনাকালে মাস্ক ব্যবহারের গুরুত্ব থেকে ভিন্নধর্মী এই রেকর্ড গড়ার পরিকল্পনা করেন সিফাত। এর আগে রেকর্ডটি এক ভারতীয় নাগরিকের দখলে ছিল, যার সময় ছিল ১১ দশমিক ৫৪ সেকেন্ড। সিফাত ১ দশমিক ২২ সেকেন্ড কম সময়ে নতুন রেকর্ড গড়েন।
সিফাত আকন জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবা আবদুল জলিল বনরক্ষী এবং মা বেগম সুরমা গৃহিণী।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সিফাত আকন বলেন, এই সাফল্যের পেছনে প্রায় ৯ মাসের পরিশ্রম ও ধৈর্য রয়েছে। সঠিক দিকনির্দেশনা না থাকায় ইউটিউব ও ফেসবুক ঘেঁটে এবং আগের রেকর্ডধারীদের ই-মেইল করে তথ্য সংগ্রহ করতে হয়েছে। শুরুতে যেখানে ২৫ থেকে ২৬ সেকেন্ড সময় লাগত, সেখানে ধারাবাহিক অনুশীলনে সময় কমিয়ে ১০ দশমিক ৩২ সেকেন্ডে নামিয়ে আনতে সক্ষম হন তিনি।
সিফাতের মা সুরমা বেগম বলেন, ছেলের এমন অর্জনে তারা গর্বিত। অনুশীলনের সময় পরিবার থেকে তাকে সব সময় উৎসাহ দেওয়া হয়েছে এবং সেই পরিশ্রমের ফল এখন মিলেছে। এই রেকর্ডের পর সিফাত আরও দুটি নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন। এর একটি এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আলিঙ্গন করা এবং অন্যটি এক মিনিটে দ্রুততম হ্যান্ডশেক করার রেকর্ড।




