চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
নিহত মুফতি মো. শামছুদ্দিন (৩৪) জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে। তিনি উত্তর গুনরাজদি আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম ছিলেন।
আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার জোহরের নামাজের পর ইমাম শামছুদ্দিন এতিমখানা-সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ। সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে জুতা, সাবান, লুঙ্গী, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এ সময় এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজেও আর পাননি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। রোববার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে পূর্বদিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, আইনিপ্রক্রিয়া শেষে ইমামের নামাজে জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইমাম পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।




