স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে কঠিন হবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। এতে প্রার্থীদের নিজস্ব জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং জনগণের সঙ্গে সম্পর্কই হবে নির্বাচনের প্রধান নির্ধারক।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং। তবে সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ভোটাররা সরাসরি প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, কাজের অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা করে ভোট দেবেন। তাই যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে, সাধারণ মানুষের সমস্যা বুঝে তা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম। যারা দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন, জনগণের আস্থা অর্জন করেছেন এবং এলাকায় ইতিবাচক ভূমিকা রেখেছেন—তাদেরই প্রার্থী হওয়া উচিত। নতুন যারা প্রার্থী হবেন, তাদেরও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।
এর আগে, মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




