রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে বলেছেন, প্রতি পাঁচ বছর পরপর শিশুদের হাম-রুবেলার বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও গত ২০২৪ সালে এটি দেওয়া সম্ভব হয়নি। এ জন্যই ২০২৬ সালে এসে হাম-রুবেলার এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে হাম-রুবেলা ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন ডা. অমিত দে বলেন, রাঙামাটিতে এখন পর্যন্ত ২৫ শিশুর হামের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিতে প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। হাম-রুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় ৯ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ৬৪ হাজার ৬০০ শিশুকে এই টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি চলবে আগামী ১১ দিন ব্যাপি। দুর্গম এলাকাগুলোতে যাতে কোন শিশু বাদ না পড়ে সেটিকেও পূর্বের ন্যায় গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।
জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতিক সেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




