পটুয়াখালীর বাউফল উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত (২৮) ওরফে সৈকত মোল্লা অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও সহকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, স্ট্রোকজনিত কারণে সৈকতের মৃত্যু হয়েছে।
সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




