দেশের ফিলিং স্টেশনগুলোতে এখন দিন-রাত মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও আবার একাধিকবার বা অতিরিক্ত তেল নিতে গিয়ে প্রশাসনের হাতে ধরা পড়ার ঘটনা ঘটছে। রংপুর মহানগরীতে ঘটেছে ভিন্ন ঘটনা–তেল নিতে লাইনে মোটরসাইকেল আছে; কিন্তু চালক নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে দেখা যায়, চালকবিহীন মোটরসাইকেলটি। এটি টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের। মোটরসাইকেলে থাকা নম্বর প্লেটে লেখা রয়েছে রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।
বিষয়টি নিয়ে কথা হয় ওই পাম্পের বিক্রয় কর্মী আলমগীর ইসলামের সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, গত ৫ এপ্রিল তেল বিক্রি শুরু হলে দেখি লাইনে একটি মোটরসাইকেল রাখা, কিন্তু চালক নেই। প্রায় ১২ দিন পেরিয়ে গেছে। মোটরসাইকেলের মালিক আসেননি। মোটরসাইকেলটি লাইনে পড়ে থাকায় আমাদের তেল দিতে সমস্যা হয়। পরে আমরা পাহারাদারদের জিম্মায় রাখি গাড়িটি।
আরেক কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, আমরা সিসিটিভিতে ফুটেজে অনেক খোঁজার চেষ্টা করেছি চালককে। কিন্তু সমস্যা হলো ওই চালক এমন জায়গায় গাড়িটি রেখেছিল যে আমাদের সিসিটিভি ওই পর্যন্ত তা ধারণ করতে পারেনি।
ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলটি নিয়ে অসুবিধার মধ্যে আছেন তারা। সঠিক মালিক খুঁজতে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন তারা।
মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ চালকরা বলছেন, যে ব্যক্তি গাড়ি রেখে গেছেন, তিনি হয়তো বিরক্ত হয়েই এই কাজ করেছেন।
রংপুর পেট্রোল পাম্প ডিলারর্স, এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু বলেন, আমরা চাহিদার তুলনায় অর্ধেক তেল পাচ্ছি না। রংপুরে ৪৮টি পাম্প থাকলেও তেল সংকটের কারণে প্রায় ৩০টি পাম্পই প্রতিদিন বন্ধ থাকছে। সব পাম্পেই প্রতিদিন যদি কিছু করে তেল দেওয়া যেত তাহলে সংকট অনেকটা কেটে যেত।




