সুন্দরবন থেকে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে এসেছিল। পরে এলাকাবাসী দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিক হরিণটি উদ্ধার করে তা আবার বনেই অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন হতে একটি হরিণ পশ্চিম বন বিভাগের কালাবগী স্টেশন এলাকায় চলে আসে।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশের এলাকার বনে অবমুক্ত করা হয়।
শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের আ. মান্নান, রহিম সরদারসহ বন বিভাগের সদস্যরা।
অন্যদিকে গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ফুট প্যাট্রোলিং হাড্ডরা খাল এলাকা থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া ওই অভিযানে পাটাকাটা এলাকা থেকে ২০টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।




