ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই দিনাজপুর জেলার হওয়ায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সঙ্গে থাকা আরও ছয়জনসহ হতাহত ওই ১৩ জন দিনাজপুর থেকে কুমিল্লা ধান কাটার শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
নিহতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগর গ্রামের পলাশ ইসলামের ছেলে সুমন (২১), ছইফুদ্দিনের ছেলে বিশু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৩৫) এবং নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে আফজাল হোসেন (৩৫), আলম হোসেনের ছেলে সোহরাব হোসেন (৪০) ও ফজলু রহমানের ছেলে সালেক (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনায় দিনাজপুরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম, স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহত আব্দুস সালেকের ছেলে সাগর বলেন, তার বাবা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য গতকাল রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিলেন।
নিহত তিনজনের আত্মীয় তরিকুল ইসলাম বলেন, সালেক আমার ভাই ও সোহরাব আমার ভাতিজা। আবার আবজাল আমার চাচাতো ভাই। একই সঙ্গে তিন নিকটাত্মীয়কে হারিয়ে আমরা শোকে বিহ্বল হয়ে পড়েছি। এলাকায় কান্নার রোল পড়ে গেছে।
নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সবিবুর রহমান বলেন, আমরা ভোর ৬টার দিকে দুর্ঘটনার খবর পাই। সবার পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত একটি মাইক্রোবাস নিয়ে দাউদকান্দি রওনা দিই। বর্তমানে আমরা দাউদকান্দি থানায় অবস্থান করছি। অফিসিয়াল কাজ শেষ হলেই লাশ নিয়ে আমরা দিনাজপুরের উদ্দেশে রওনা দেব।
বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নিহতের স্বজনেরা লাশ নিতে দাউদকান্দি রওনা হয়েছেন।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত দুর্ঘটনায় বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাতজন নিহত হয়েছেন।
তিনি জানান, কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




