কুড়িগ্রামের ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১২ এপ্রিল) রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।
আটককৃতরা হলেন নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
আটক সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিন দিন আগে তার ছোট ভাই সোহাগ বাড়ি থেকে বের হয়েছেন। আজ সোমবার সকালে তারা জানতে পারেন সে ভারতে বিএসএফের হাতে আটক হয়েছেন। কী কারণে সে ভারতে গিয়েছে, তা জানেন না তারা। ভাইয়ের খোঁজে সীমান্তের পাশে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন বলেও মোবাইলে ফোনে জানান তিনি।
নারয়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের একজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফ তাদের আটক করেছে। সীমান্তবাসীরা বিষয়টি জানিয়েছেন। পরে কী হয়েছে সেটা জানা নেই। শুনেছি বিজিবি পতাকা বৈঠক করবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক বলেন, দুই যুবকের আটকের বিষয়ে বিএসএফ কিছু জানায়নি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। আটক ব্যক্তিদের স্বজনের পক্ষ থেকেও বলা হয়েছে। আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। বিকালে পতাকা বৈঠকের কথা বলেছে।




