বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে’ তিনি এই মন্তব্য করেন।
ববি হাজ্জাজ বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লাখ টাকা খরচ করে শিক্ষাপ্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকেন সেটা দেখতে হবে।
তিনি আরও বলেন, এ দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উন্নয়ন হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নেবে সেটা আর হবে না। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাপক অবনতি হয়েছে। এ সময় কোনো ভিশন ছিল না। ১৯৭২ সালের ড. কুদরত এ খোদা শিক্ষানীতি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। বিগত সময়ের শিক্ষানীতির কারণে আন্তর্জাতিক বাজারে চাকরির বাজারে জনশক্তির আশানুরূপ অবস্থান তৈরি হয়নি।
তিনি আরও বলেন, এতদিন এইচএসসি পাস করে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি। যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারির প্রচলন চালু ছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। গরিব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মো. রায়হান কবির বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।




