সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুই সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন রফিনগর গ্রামের গিয়াস উদ্দিন (৬০) এবং সাদিরপুর গ্রামের আহাদ নুর (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিরপুর গ্রামে বিকেলে ধান শুকানোর খলার ওপর দিয়ে ট্রলি নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মোশাহিদ মিয়া ও হোসাইন আহমেদের পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সন্ধ্যায় তা কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় টেঁটার আঘাতে গুরুতর আহত হন আহাদ নুর। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আহাদের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)। প্রতিপক্ষের আহতদের পরিচয় জানা যায়নি; তারা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও শফিক মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে গিয়াস উদ্দিন নিহত হন। আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র তালুকদার জানান, তুচ্ছ দুটি ঘটনাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




