হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ৮ শিশুর মৃত্যু হলো।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নেত্রকোনা থেকে নিয়ে আসা আদিবা নামের শিশুটির শরীরে হামের লক্ষণ থাকার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগছিল। যথাযথ চিকিৎসাসেবা চলমান থাকা অবস্থায় সকালে মারা যায় শিশুটি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৯৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২১৩ শিশু এবং ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৪ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৮ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সি রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সি শিশুর সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




