
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
শনিবার (৯ মে) বিকেলে এশিয়া পোস্ট কার্যালয় পরিদর্শনে এসে তিনি শুভেচ্ছা জানান।
এ সময় সারওয়ার আলম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে এটি কার পক্ষে গেল বা কার বিপক্ষে গেল সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং সত্য তথ্য মানুষের কাছে পৌঁছানোই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত। এশিয়া পোস্টের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, তারা যেন সবসময় বস্তুনিষ্ঠ, সত্য ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে থাকে।
এই জেলা প্রশাসক আরও বলেন, গণমানুষের প্রত্যাশা নিয়ে এশিয়া পোস্ট যাত্রা শুরু করছে। তাদের শুভসূচনা লগ্নে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। একঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে নতুন যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির কাছে আমরা আশা করব, এটি গণমানুষের প্রত্যাশার প্রতিষ্ঠানে পরিণত হবে।
তিনি বলেন, দেশে বস্তুনিষ্ঠ ও গভীর অনুসন্ধানী সাংবাদিকতার একটি শূন্যতা তৈরি হয়েছে। এশিয়া পোস্ট সেই জায়গাটি পূরণে ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
সারওয়ার আলম বলেন, খবরের পেছনের গল্পটাও মানুষ জানতে চায়। সংবাদ প্রকাশের সময় খেয়াল রাখতে হবে, এর প্রভাব কতদূর যাবে। দেশের ওপর ও মানুষের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটিও বিবেচনায় রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবসময় চাইব বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন হোক। সত্য সংবাদ প্রকাশের মধ্য দিয়েই মানুষের আস্থা অর্জন সম্ভব।
মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।




