
নিজের বানানো ‘স্মার্ট কার’ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম। এ সময় তার বাহনটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে এটিতে চড়ে তাকে উৎসাহ দেন তিনি।
শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিএপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াকিমুল ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দিয়েছেন ‘এ টু আই স্মার্ট কার’। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করেন ১৭ বছর বয়সী এই কিশোর। বিষয়টি দেখে প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার তৈরির গল্প শুনিয়েছেন ওয়াকিমুল ইসলাম। প্রধানমন্ত্রীও এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াকিমুল ইসলামের বাড়ি যশোরে। তিনি চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়েন। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমুল জানান, একসময় তিনি সারা দিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে এই কার বানানো শুরু করেন।
তিনি আরও জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত মানের স্মার্টকার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।
ওয়াকিমুল ইসলামের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।
তিনি জানান, ওয়াকিমুলের স্মার্ট কার বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। প্রতি ঘণ্টায় এটির সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




